চট্টগ্রামের সীতাকুণ্ডে এলাকাবাসীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। একই দিনে তিনি সম্প্রতি নিহত শিশু জান্নাতুল নাইমা ইরার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ ও সহমর্মিতা জানান। শুক্রবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেটস্থ স্টেশন ফকিরা জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করেন। এতে স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে তিনি জুমার নামাজ আদায় করেন এবং মসজিদ প্রাঙ্গনে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আসলাম চৌধুরী বলেন, তিনি এমপি হিসেবে নয়, বরং এলাকার একজন সন্তান হিসেবে প্রতিবছরের মতো এবারও এলাকাবাসীর সঙ্গে ইফতারে শরিক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। অতীতের মতোই আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, পবিত্র রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসের আদর্শ ধারণ করে ইবাদত-বন্দেগি ও ভালো কাজে সম্পৃক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানান। ইসলামের সম্প্রীতি ও সহাবস্থানের নীতি অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। স্টেশন ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর সেলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, বদিউল আলম বদরুল, আনোয়ার চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, কামাল উদ্দিন, জাহেদুল হাসান, এ এস এম সায়েম, মামুন ইদ্রিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা মাস্টার এলাকায় নিহত শিশু জান্নাতুল নাইমা ইরার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান আসলাম চৌধুরী। এসময় তিনি ইরার মা-বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় জড়িত বাবু শেখকে আইনের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, গত রোববার সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ইকো পার্ক এলাকায় পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী বাবু শেখ (৪৮) সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরাকে পাহাড়ে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তার মৃত্যু হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থল পরিদর্শনের ভিত্তিতে অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তিনি আদালতে দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।