ভূঞাপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থীতা ঘোষণা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৮:২৫ পিএম
ভূঞাপুরে সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থীতা ঘোষণা

টাঙ্গাইলের ভূঞাপুরে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ভূঞাপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার। শনিবার (৭ মার্চ) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। এসময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেলিনা আক্তার বলেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, “আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবো। জনগণের কল্যাণে যেসব উদ্যোগ গ্রহণ করা হবে, সেসব ভালো কাজের সঙ্গে সবসময় সম্পৃক্ত থাকবো।” সেলিনা আক্তার আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও দলের আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চান। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নারী নেতৃত্বের বিকাশ এবং স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে