জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। তিনি সকলকে গণশুনানিতে নির্ভয়ে তাঁদের সমস্যা ও মতামত প্রশাসনের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক গণশুনানিকালে তিনি এসব কথা বলেন। গণশুনানিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিন।
গণশুনানিতে জেলার মোট ১০ জন সেবাপ্রার্থী তাঁদের বিভিন্ন সমস্যা ও আবেদন জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রত্যেকের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে শ্রবণ করেন এবং সমস্যার প্রকৃতি অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়, যাতে সেবাপ্রার্থীরা দ্রুত ও কার্যকর সেবা লাভ করতে পারেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমনসহ ভুক্তভোগীরা।