মান্দায়

পাউবোর গাছ লুট সংক্রান্ত সংবাদের প্রতিবাদে সমাবেশ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ৮ মার্চ, ২০২৬, ০৪:৩৪ পিএম | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৪:৩৪ পিএম
পাউবোর গাছ লুট সংক্রান্ত সংবাদের প্রতিবাদে সমাবেশ

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বাঁধ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বনজ গাছ লুটের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবী করে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের আঁয়াপুর উত্তরপাড়া গ্রামে নির্মাণাধীন মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য দেন আঁয়াপুর উত্তরপাড়া মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহেল কাফি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলতাফ হোসেন, ইউপি সদস্য হারুন অর রশীদ ও বিনয় কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, আত্রাই নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের কাজের কারণে বাঁধে লাগানো বিভিন্ন প্রজাতির বনজ গাছ সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় গ্রামের উত্তরপাড়ায় নির্মাণাধীন মসজিদের কাজে সহায়তার জন্য কয়েকটি ছোট লাটুয়া গাছ কেটে নেওয়া হয়। তবে এতে কোনো ব্যক্তিগত লাভ বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি গাছ লুটের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা বিনয় চন্দ্র সাহা বলেন, বাঁধে তার লাগানো বেশ কয়েকটি আমগাছ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ সংস্কারের স্বার্থে গাছগুলো সরিয়ে নিতে বললে তিনি সেখান থেকে পাঁচটি আমগাছ মসজিদের উন্নয়নের কাজে ব্যবহারের জন্য মসজিদ কমিটিকে কাটার অনুমতি দেন। মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহেল কাফি বলেন, মসজিদের সহায়তার জন্য গ্রামের লোকজন কয়েকটি বনজ গাছ কেটেছেন। এর সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ কিংবা ইউপি সদস্য হারুন অর রশীদের কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন। সমাবেশ থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।