রোজাদারকে ইফতার করালো ঈদগাঁওয়ের বিএনপি পরিবার

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৮:৩৯ পিএম
রোজাদারকে ইফতার করালো ঈদগাঁওয়ের বিএনপি পরিবার

পবিত্র রমজানুল মোবারক ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঈদগাঁওতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার ৮ মার্চ বিকেলে এর আয়োজন করে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলের কার্যক্রম সঞ্চালনা করেন ঈদগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বক্তব্যের শুরুতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করায় ঈদগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।  বলেন, আগামী পাঁচ বছর আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরাও আপনাদের সহযোগিতা করব। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শুধু বিএনপি'র এমপি না, আপনাদের সকলের এমপি। এলাকায় কোন সমস্যা থাকলে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। বিএনপির এ এমপি বলেন, নির্বাচনে আমাদের কিছু প্রতিশ্রুতি ছিল। ঈদগাঁও কে নিরাপদ রাখা, শান্তিতে রাখা, চাঁদাবাজ মুক্ত রাখা- এসব প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের চেষ্টা করব। তিনি সরকারি টোল ছাড়া কোন ধরনের চাঁদা না দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।  ইজারাদারদের দৃষ্টি আকর্ষণ করে কাজল বলেন, আপনারা যথাস্থানে মূল্য তালিকা টাঙিয়ে দেন। মূল্য তালিকা না টাঙালে জনগণ আপনাদেরকে টোল দিতে বাধ্য নন। এ সংসদ সদস্য হুঁশিয়ারি উচ্চারণ করেন, কেউ চাঁদাবাজি করলে দল তার দায়িত্ব নেবে না। নিজেদের দায়িত্বে তা করতে হবে। এসময় তিনি উপস্থিত থানার অফিসার ইনচার্জকে এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান। কেউ মাটি কাটলে তা সরকার বা প্রশাসনের অনুমতি নিয়ে কাটতে হবে বলে উল্লেখ করেন তিনি।  শুভেচ্ছা বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন, এলাকাও এলাকাবাসীকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের। প্রতিনিয়ত আমরা সে চেষ্টাই করে যাচ্ছি।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম, মমতাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদল আহবায়ক কামাল হোছাইন মেম্বার, সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা, সাবেক সদস্য সচিব আনিসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা দিদারুল ইসলাম। উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল কাদের মাস্টার, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক, ইসলামাবাদ বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানী, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম (সাবেক মেম্বার), পোকখালী ইউনিয়ন বিএনপি সভাপতি এইচ, এম সেলিম উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান শহীদ, উপজেলা বিএনপি নেতা আব্দুস ছালাম, ঈদগাঁও বিএনপি নেতা মমতাজুল হক, ইসলামপুরের সাবেক বিএনপি নেতা হারুনুর রশিদ, ঈদগাঁও বিএনপি নেতা ডাক্তার এহসানুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে