ঢাকা ও কুমিল্লার আদালতের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ এনায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ এনায়েত উল্লাহ (পিতা- এবাদ উল্লাহ) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নং ৮(সি)-তে অবস্থান করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা ০৩টি সিআর মামলায় সাজা ওয়ারেন্ট ছিল। এসব মামলায় তাকে মোট ০২ বছর ০২ মাসের কারাদণ্ড এবং ২৮,৮২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে আজ ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন সফল অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।