চাঁদপুর পৌরসভায় আকস্মিক পরিদর্শনে এমপি শেখ ফরিদ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৭:৩১ পিএম
চাঁদপুর পৌরসভায় আকস্মিক পরিদর্শনে এমপি শেখ ফরিদ

চাঁদপুর পৌরসভার বিভিন্ন শাখায় নাগরিকদের সেবাপ্রাপ্তিতে ভোগান্তি এবং নানা অনিয়ম বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাঁদপুর ৩ সদর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি সোমবার (৯ মার্চ) দুপুর বারোটার সময় চাঁদপুর পৌরসভা কার্যালয় আকস্মিক পরিদর্শনে এসে বিভিন্ন শাখায় সেবা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুততার সহিত কাজ করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে চাঁদপুর পৌরসভা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ ফরিদ আহমেদ মানিকের চাঁদপুর পৌরসভা পরিদর্শনে এই প্রথম আগমন।  তিনি এসে পৌরসভার বিভিন্ন বিভাগ, বিশেষ করে কর, জন্মনিবন্ধন এবং ট্রেড লাইসেন্স শাখা পরিদর্শন করেন। সাধারণ মানুষ সেবার জন্য এসে যে ভোগান্তির শিকার হচ্ছেন, তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এক পর্যায় পৌরসভার সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে তাৎক্ষণিক বৈঠক করেন তিনি। চাঁদপুর পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি হুশিয়ারি দেন যে, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ,বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, এবং ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করাসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র প্রদান, স্ট্রিট লাইটের ব্যবস্থা, যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা সহ অন্যান্য সেবামূলক  জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোর প্রতি নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর-আজম বীন আখতার ( শরীফ), পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. নুরে আলম,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ,সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত,  জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন সেবা শাখার প্রধানগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ। উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলায় অবস্থিত একটি ক-শ্রেণির পৌরসভা। ২৬.৮২ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাটি প্রশাসনিক কেন্দ্র এবং চাঁদপুর সদর উপজেলার আওতাভুক্ত। এটি ডাকাতিয়া নদী ও মেঘনা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর ও বাণিজ্যিক এলাকা। ১৮৯৭ সালে এটি পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে, যা বাংলাদেশের অন্যতম প্রাচীন পৌরসভা।

অবস্থান: চাঁদপুর জেলা শহর, চট্টগ্রাম বিভাগ।প্রশাসনিক বিন্যাস: পৌরসভাটি সাধারণত ১৫টি ওয়ার্ডে বিভক্ত।

জনসংখ্যা ও অর্থনীতি: এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এর অর্থনীতি প্রধানত ব্যবসা, মাছের আড়ৎ (ইলিশের জন্য বিখ্যাত) এবং নৌ-যোগাযোগের ওপর নির্ভরশীল।এটি একটি অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ পৌরসভা।

আপনার জেলার সংবাদ পড়তে