রায়পুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৫:৩৫ পিএম
রায়পুরে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা

লক্ষ্ণীপুরের রায়পুরে “তৃতীয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬”উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিশেষ করে তরুণ সমাজকে সম্পৃক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।

আলোচনা শেষে উপস্থিত কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

এতে জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে