চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় ১০ জন জেলেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা হাইমচর উপজেলার চরভৈরবী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকাসহ ১০ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আটককৃত জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে জব্দকৃত জাটকা জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং জাটকা সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।