স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ শনিবার জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জানিয়েছেন, জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।
এসময় বৈঠকের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।
আগামীকাল রোববার (১৫ মার্চ) অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন চলবে। ১৫ মার্চ সংসদ বসার পর ১৬ মার্চ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে।
অন্তবর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, এগুলো বিশেষ কমিটিতে যাবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত ট্রাডিশন অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। অধ্যাদেশ ও বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে।
এগুলো এই অধিবেশনে সম্ভব কি না- জানতে চাইলে তিনি বলেন, এই অধিবেশনে অবশ্যই সম্ভব। বিশেষ কমিটিতে যাবে। এটা রোববার (১৫ মার্চ) আইনমন্ত্রী প্রস্তাব উত্থাপন করবেন। তারপর বিশেষ কমিটিতে আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে। এটাই নিয়ম।
জামায়াত বলেছে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে রাজপথে নামবে- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন।
কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটির মধ্যে ১৪ জন বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটির সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।