মুন্সিগঞ্জের গজারিয়ায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম না করা এবং অতিরিক্ত দামে তেল বিক্রি থেকে বিরত থাকতে পাম্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি জেএমআই ফিলিং স্টেশন, শাহ শের আলী সিএনজি ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প ঘুরে দেখেন। পরিদর্শনকালে এমপি রতন পাম্প মালিক ও যানবাহন চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের অসাধু প্রক্রিয়ায় জ্বালানি তেল মজুত বা বাড়তি দামে বিক্রি করা যাবে না। সরকারি নির্দেশনা মেনে সঠিক দামে তেল বিক্রি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসচেতনতা ও গুজবের কারণে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সবাইকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, বিশ্ববাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনের তদারকি কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পরিদর্শন শেষে এমপি কামরুজ্জামান রতন উপজেলা খাদ্য গুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। এ সময় গজারিয়া থানার ওসি হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।