কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের সিনেমা হল মোড় থেকে ভাগলপুর পর্যন্ত ৫ কি: মি: রাস্তাটি গত কয়েকবছর ধরে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন, এলজিইডি প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এই রাস্তাটি নিয়ে যেন তাদের কোনো মাথাব্যথা নেই বলে অভিযোগ উঠেছে। জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, ভৈরব সহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার লোক সিনেমা হল মোড় থেকে সিএনজি, অটো বাইক, অটো রিক্সা দিয়ে যাতায়াত করে থাকেন। উল্লেখ্য সিনেমা হল মোড় থেকে প্রতিদিন ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষূ রোগী গেলে যেন অর্ধ মৃত হয়ে যায়। বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশু রোগীরা ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে যানবাহন দিয়ে চলাচল করতে গিয়ে অস্বস্তিবোধ করে। এদিকে সিনেমা হল মোড় থেকে ভাগলপুর পর্যন্ত অন্তত কয়েকশ বড় বড় গর্তের কারণে প্রায়ই সময়ই দূঘর্টনার শিকার হয়ে থাকে। গত কয়েক বছরে এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে কয়েকজনের প্রাণহানী ঘটেছে এবং ৪০-৫০ জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পরেও পৌর প্রশাসন এবং এলজিইডি প্রশাসন এই রাস্তা নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই বলে এলাকায় অভিযোগ রয়েছে। অন্যদিকে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তাদের উদাসীনতার কারণে রাস্তাটি নির্মান হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন বলেন, এই রাস্তার সংস্কারের জন্য প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এর কাজ ধরা হবে বলে উল্লেখ করেন।