হামের চিকিৎসা ব্যবস্থা দেখতে রাজশাহী মেডিকেলে ডিসি ও রাসিক প্রশাসক

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬, ০২:০২ পিএম
হামের চিকিৎসা ব্যবস্থা দেখতে রাজশাহী মেডিকেলে ডিসি ও রাসিক প্রশাসক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পরিদর্শন করেছেন রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শনিবার (৪ এপ্রিল) সকালে তারা পরিদর্শনে হাসপাতাল কর্তৃপক্ষকে এই সংক্রামক রোগের চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি হাসপাতাল থেকেই যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে বলেছেন। পরিদর্শনে গিয়ে তারা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ চিকিৎসকদের সঙ্গে তারা মতবিনিময় করেন। এ সময় হামের রোগীদের চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি রোগীদের সার্বিক চিকিৎসা সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার জেলার সংবাদ পড়তে