গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইন উদ্ধার

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৭:২৩ পিএম
গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী। তবে অভিযানে জড়িত কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্র ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রোববার  রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, গোপন তথ্যে জানা যায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সেখানে পৌঁছালে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে একটি বস্তা ফেলে পাশের বিস্তীর্ণ পাটক্ষেতে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে এর ভেতরে থাকা ছয়টি স্বচ্ছ পলিপ্যাক থেকে মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।

আপনার জেলার সংবাদ পড়তে