বগুড়া-৬ আসনের উপনির্বাচন, প্রস্তুত প্রশাসন

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) :
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৬ এএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ১১:২৬ এএম
বগুড়া-৬ আসনের উপনির্বাচন, প্রস্তুত প্রশাসন

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ (সদর) আসনের বহুল আলোচিত উপনির্বাচন। আগামীকাল সকাল থেকেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাবেন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বগুড়া শহর জামায়াতের আমীর আবিদুর রহমান সোহেল। নির্বাচনের আগে দুই প্রার্থীই ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের সমর্থন কামনা করেছেন। বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আসনটি শূন্য হওয়ার পর বিএনপি তাদের দলীয় প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দেয় এবং জামায়াতে ইসলামী পুনরায় আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করে। 

বগুড়া সদর (বগুড়া-৬) আসনের ১৫০ টা ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪,৫৪,০৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২২,৭৯৬ জন এবং নারী ভোটার ২,৩১,২৩৭ জন। গত (১২ ফেব্রুয়ারি) এই আসনে ভোট পড়েছিল ৭১.৩ শতাংশ। উক্ত আসন থেকে তারেক রহমান (বিএনপি) তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল (জামায়াতে ইসলামী) দাঁড়ি পাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৭,৬২৬ ভোট। তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,১৮,৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন নিয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুল রহমান জানিয়েছেন, উপনির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়ে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণকে ঘিরে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স টহল দেবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।পুলিশ সুপার আরও বলেন, ভোটকেন্দ্রের আশপাশে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

প্রচারণায় জমে উঠেছিল নির্বাচন ভোটের আগে বগুড়া শহরসহ বিভিন্ন এলাকায় দুই প্রধান প্রার্থীই ব্যাপক প্রচারণা চালান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়েও বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ হয়েছে।

বগুড়া-৬ আসনের এই উপনির্বাচন স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে ভোটারদের মধ্যেও তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। ভোটার উপস্থিতি নিয়ে শংকায় আছেন প্রার্থীরা। ভোটারা তাদের প্রত্যাশা নিয়ে বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান এবং নির্বাচনের মাধ্যমে তাদের এলাকার উন্নয়নে কাজ করতে সক্ষম এমন একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে চান।

প্রশাসনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি এবং ভোটারদের আগ্রহের মধ্য দিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ আসনের উপনির্বাচন। এখন দেখার বিষয়, ভোটের ফলাফলে শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসন।

আপনার জেলার সংবাদ পড়তে