পাবনার চাটমোহরে এক বিএনপি নেতার মাদকাসক্ত ছেলেকে ভিডিও করতে নিষেধ করায় চাকু নিয়ে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের তাড়া করে ভয়ভীতি দেখানো ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরোয়ার হোসেন নয়ন (৩৫) নামের এক মাদকাসক্ত এই তান্ডব চালায়। নয়ন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চড়ইকোল গ্রামের বাসিন্দা মোঃ কফিল উদ্দিনের ছেলে। নয়নের হামলায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা দিগ্বিদিগ ছুটাছুটি করতে থাকে। শিশু শিক্ষার্থীরা আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। স্কুলের গেটে তালা লাগিয়ে প্রাণরক্ষা করে তারা। এ ঘটনায় মাদকাসক্ত নয়নকে পুলিশ গ্রেফতার করেছে। নয়নের পিতা বিএনপি নেতা মোঃ কফিল উদ্দিন ছেলের এই কার্যকলাপে নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানেসা হয়েছে। শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী জানান,বুধবার বিকেলের দিকে ওই প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলছিলো। এসময় অভিযুক্ত নয়ন স্কুলে ঢুকে মোবাইল ফোনে ভিডিও করতে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীরা ভিডিও করতে ও ছবি তুলতে নিষেধ করায় সে চাকু,চেইন ও লাঠি নিয়ে হামলা করে শিক্ষক ও শিক্ষার্থীদের। এক পর্যায়ে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হলে নয়ন ইটপাটকেল ছুঁড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে শিশু শিক্ষার্থীরা। এসময় স্থানীয় এগিয়ে এলে নয়ন তাদের উপরও হামলা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ অভিযুক্ত নয়নকে আটক করতে না চাইলে এলাকাবাসী ও শিক্ষার্থীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়,বিএনপি নেতা কফিল উদ্দিনের ছেলে নয়ন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে বাড়িতে ঠিকমতো দেখভাল না করায় মাঝেমধ্যেই বাড়ির বাইরে গিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায় ও লাঞ্ছিত করে। স্কুলের সহকারি শিক্ষক মাসুদ রানা বলেন,মেয়েরা তাকে ভিডিও করতে নিষেধ করেছিল,আমরাও তাকে নিষেধ করি ও সেখান থেকে চলে যেতে বলি। তখন সে প্রথমে লাঠি দিয়ে হামলার চেষ্টা করে। তাকে বাধা দেয়ায় পরে সে চাকু নিয়ে এসে আবারও শিক্ষক-শিক্ষার্থীদের হামলার চেষ্টা করে। আমরা শিক্ষার্থীদের স্কুলের ভেতরে রেখে প্রধান ফটক আটকে দেই। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে নয়ন। তিনি আরো জানান,এ ঘটনায় কয়েকজন মেয়ে শিক্ষার্থী আতংকে অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয় কয়েকজন আহত হয়েছেন। অভিযুক্ত নয়নের বাবা বিএনপি নেতা কফিল উদ্দিন তার প্রতিপক্ষের উপর দায় চাপিয়ে বলেন,‘ছেলেকে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সে বেশিদিন ঠিকমতো লেখাপাড়া করতে পারলো না। আমার এলাকায় তো প্রতিপক্ষের অভাব নেই। তারা আমার ছেলেকে গাঁজা,মদসহ অন্যান্য মাদক খাইয়ে এই অবস্থা করে দিয়েছে। এখন আর ছেলেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি অতিষ্ঠ, মানসিকভাবে বিপর্যস্ত। আমি নিজেই অভিযোগ দিয়েছি। আইনগতভাবে যেটা হয় সেটাই হোক।’ চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত নয়নকে আটক করে। এ বিষয়ে তার পিতা কফিল উদ্দিন নিজেই মামলা করেছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নয়নকে জেলহাজতে পাঠানো হয়েছে।