বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব হিসেবে উল্লেখ করেন। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে লালপুর উপজেলায় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। সভায় নববর্ষ উদযাপনকে আরও আকর্ষণীয়, নিরাপদ ও অংশগ্রহণমূলক করতে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।