নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন পর্যায়ের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২নং ঈশ্বরদী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে ইউনিয়নের মোট ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছেলেদের ও মেয়েদের পৃথক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ দুলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু বলেন, “শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্মকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে উৎসাহ প্রদান হিসেবে ৪টি ফুটবল উপহার দেন। পাশাপাশি টুর্নামেন্ট শুরুর পূর্বে ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মোট ২০টি ফুটবল বিতরণ করা হয়। টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ছেলেদের বিভাগে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় রিফাত হোসেন এবং মেয়েদের বিভাগে একই সম্মাননা অর্জন করেন পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় বুশরাত। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. তাসলিমা খাতুন, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. লুৎফুন্নাহার, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা খানম, নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বছির আহাম্মেদ, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণময় প্রামানিক, পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনসহ খেলা পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।