রাজশাহীর বাঘায় অবৈধ দুই ব্যারেল মজুতকৃত তেল জব্দ করা হয়েছে। এর সাথে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা অভিযান চালিয়ে তেল জব্দ ও জরিমানা করেন। জানা গেছে, উপজেলার মনিগ্রাম বাজারের মেসার্স রিয়াজ ওয়েল সেন্টারের মালিক এনামুল শাহা অবৈধভাবে দুই ব্যারেল তেল সংগ্রহ করে মজুত করে রাখে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল জব্দ করে। এ সময় তার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক মাস আগে ১০ মার্চ তার একই অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা বলেন, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।