মহাদেবপুরের চাষীরা পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০১:৪৭ পিএম
মহাদেবপুরের চাষীরা পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

নওগাঁর মহাদেবপুরে এবার ১২ হাজার ৭৪০ জন চাষী পাচ্ছেন বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল। এ উপলক্ষে সেখানে আয়োজিত চাষীদের এক সমাবেশে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মোহাম্মদ এরশাদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ বীজ, মুগ ফসলের আবাদ ও উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় মোট ১২ হাজার ৭০০ জন উফশী আউশ চাষীর প্রত্যেকের মধ্যে প্রতি এক বিঘা জমিতে আবাদের জন্য পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার এবং গ্রীষ্মকালীন মুগ ফসল আবাদের জন্য মোট ৪০ জনের প্রত্যেকের মধ্যে এক বিঘা জমিতে আবাদের জন্য পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে রাইগাঁ ও চেরাগপুর ছাড়া অন্য আটটি ইউনিয়নের প্রতিটিতে পাঁচজন করে মোট ৪০ জন মুগ চাষী নির্বাচন করা হয়েছে। এছাড়া উফশী আউশ চাষের প্রণোদনার জন্য নির্বাচিত করা হয়েছে সদর ইউনিয়নে এক হাজার ৫৬০ জন, হাতুড় ইউনিয়নে ৬০০ জন, খাজুর ইউনিয়নে ৩০০ জন, চাঁন্দাশ ইউনিয়নে ২৫০ জন, রাইগাঁ ইউনিয়নে দুই হাজার ১০০ জন, এনায়েতপুর ইউনিয়নে এক হাজার ৭৫০ জন, সফাপুর ইউনিয়নে ৬০০ জন, উত্তরগ্রাম ইউনিয়নে এক হাজার ৬৪০ জন, চেরাগপুর ইউনিয়নে দুই হাজার ১০০ জন ও ভীমপুর ইউনিয়নে এক হাজার ৮০০ জন।

আপনার জেলার সংবাদ পড়তে