আমতলীতে ওরশ থেকে ফেরার পথে শিশু নিহত

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৫:২৩ পিএম
আমতলীতে ওরশ থেকে ফেরার পথে শিশু নিহত

গাজীকালু দরগাহর ওরশ থেকে ফেরার পথে শিশু জুনায়েদ (১২) অটো গাড়ীর নিচে চাপা পড়ে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে আমতলী উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে। ওই দিন বিকেলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া গাজী কালুর দরগায় গতকাল রবিবার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতভর চলে ওই ওরশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ওরশ থেকে একটি অটো গাড়ীতে বাড়ী ফিরছিল শিশু জুনায়েত। ওই অটোগাড়ী টেপুরা বাজার সড়কের মোড় ঘুরতে গিয়ে উল্টো খাদে পড়ে যায় এবং শিশুটি অটো গাড়ীর নিচে চাপা পড়ে। এতে শিশুটির মাথার খুলি ভেঙ্গে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশু জুনায়েদের বাড়ী পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে। তার বাবার নাম আবু সায়েদ। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, সড়কের মোড় ঘুরতে গিয়ে অটো গাড়ী উল্টো খাদে পড়ে। ওই গাড়ীর নিচে চাপা পড়ে শিশুটির মাথার খুলি ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে