এ বাংলার দক্ষিনে বঙ্গোপসাগর থেকে ইসলামের বিজয় হতে শুরু হয়েছে। আল্লাহর দেয়া দ্বীনের পথে থাকলে এ বিজয় সারা বাংলায় ছড়িয়ে পরবে। আমাদের মধ্যে ঐক্য থাকলে ইনশাআল্লাহ সারা দেশে দ্বীনের দাওয়াত দিতে পারবো। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আর তার জমিনে আইন চলবে আল্লাহর। মানব রচিত আইন এ বাংলায় চলতে দেয়া হবেনা। ইসলামী আন্দোলন তালতলী উপজেলার তরবিয়াত সভায় ইসলামী আন্দোলনের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। চরমোনাইর পীর বলেন, কালজয়ী শান্তির প্রতীক ইসলাম। তাই এ বাংলায় ইসলামের আইন বাস্তবায়নের চেস্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের সকলকে প্রথমে একজন ইসলামের কর্মী হতে হবে। তারপর ধাপে ধাপে এগিয়ে গিয়ে ইসলামের আইন বাস্তবায়নের জন্য আপ্রান চেষ্টা করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলার সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসাইন এর সভাপতিত্বে সোমবাার বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত তরবিয়াত সভায় বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বরগুনার কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতী মিজানুর রহমান কাশেমী, সেক্রেটারী মাওলানা আবদুস সাকুর ও ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সভাপতি মুফতী মাওলানা মোঃ ওমর ফারুক জেহাদী প্রমুখ।