“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান”— এই সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। ব্যানার-ফেস্টুন ও বাঙালিয়ানা ঐতিহ্যের নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি নগরজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এছাড়াও পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে সেখানে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ষবরণের গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে নতুন বছরের আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার আবহ ছড়িয়ে পড়ে।