যশোরের ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের ওপর হামলার পর পাল্টা হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে আব্দুর রহিমের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। ফুল চাষী মহিলাদের ট্রেনিং করতে না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহিম এ হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, আব্দুর রহিম পানিসারা এলাকায় নিজ ফুলের ক্ষেতে কাজ করার সময় সোমবার (১৩ এপ্রিল ২০২৬) হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পানিসারার ফুল মোড়ে আব্দুর রহিমের লোকজন কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এসময় পানিসারা গ্রামের সাজু ঢালী (৫৫), আসাদুল ইসলাম (৪২),রিদয় (২৫), মারাত্মক আহত হন।
আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে আহত ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম জানান,বাণিজ্যিক মন্ত্রণালয়ের অধীনে ঝিকরগাছা গদখালীতে ফুল চাষীদের ট্রেনিং চলছে। সেখানে হাড়িয়া গ্রামের নূর হোসেনের স্ত্রী রেশমা খাতুন নিয়ম বহির্ভূতভাবে কয়েকজনকে ট্রেনিং দেয়ার জন্য দাবি জানালে আব্দুর রহিম অস্বীকৃতি জানান। তার জের ধরে নূর হোসেন কিছু ছেলেদের নিয়ে আব্দুর রহিমের উপরে হামলা চালান।
নূর হোসেন জানান, আব্দুর রহিম অধিকাংশ আওয়ামী লীগ সমর্থকদের ট্রেনিং দেয়ার ব্যবস্থা করছে, তাই সামান্য কিলঘুষির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামাল আলম জানান, (১৩ই এপ্রিল) সোমবার কয়েকজন ফুলচাষী মহিলাদের ট্রেনিং করতে না দেয়ায় রহিম সাহেব এই হামলার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরদিন মঙ্গলবার আব্দুর রহিমের সমর্থকরা এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় আজ মঙ্গলবার ১৪ এপ্রিল আব্দুর রহিমের স্ত্রী নাসরিন নাহার আশা একটি অভিযোগ দায়ের করেছেন।