বাংলা নববর্ষ-নতুন স্বপ্ন, নতুন আশা আর আনন্দের দিন। কিন্তু সেই আনন্দঘন দিনেই নাটোরের লালপুরে এক পরিবারের জীবনে নেমে এলো অপূরণীয় শোক। জীবিকার সন্ধানে কাজে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ হারালেন এক নির্মাণ শ্রমিক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের জালাল উদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শামীম সরদার (২৬)। প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম সরদার উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া খাঁপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নুহুর ছোট ছেলে। স্বপ্ন ছিল সংসারটাকে একটু ভালোভাবে দাঁড় করানোর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-নববর্ষের দিনেই থেমে গেল তার জীবনযুদ্ধ।
স্থানীয়রা জানান, মাত্র দুই মাস বয়সী শিশু কন্যা ও অসহায় পরিবারকে রেখে প্রতিদিনের মতো কাজ করতে বের হলেও আর জীবিত ফিরে আসেননি শামীম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে বাড়িতে চলছে আহাজারি। নববর্ষের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে স্বজনদের কান্না আর শোকে।
সহযোগী রাজমিস্ত্রি সেরেকুর জানান, নির্মাণকাজ চলাকালে হঠাৎ ভারসাম্য হারিয়ে ওপর থেকে নিচে পড়ে যান শামীম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।