যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে কেশবপুর পাবলিক ময়দানে বাংলা নববর্ষ অনুষ্ঠানের করা হয় শুভ সূচনা। পরে শিক্ষার্থী, শিক্ষক, সুধীজনসহ বৈশাখী সাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শহরে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। এদিন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আলা, সাধারণ সমপাদক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
এর আগে চারুপীঠ একাডেমির উদ্যোগে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে গান-কবিতা-নৃত্য-কথা, বৈশাখী শোভাযাত্রা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। চারুপীঠ একাডেমির সভাপতি তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও লেখক মুহম্মদ শফি। বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সমপাদক সাংবাদিক মোতাহার হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।
এদিন দুপুরে কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বৈশাখী আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও পান্তা-ইলিশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাধারণ সমপাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, অধ্যক্ষ আলাউদ্দিন, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।