কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক ১৫ই এপ্রিল বুধবার অভিযানে এক চোরাকারবারিকে আটকসহ মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি বিওপি জানতে পারে যে, মহিষকুন্ডি বাজার হতে দৌলতপুরগামী একটি ব্যাটারিচালিত অটোবাইকে করে একজন যাত্রী গাঁজা বহন করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত একটি চৌকষ টহল দল মোতায়েন করা হয়। পরবর্তীতে ডাংমড়কা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ব্যাটারিচালিত অটোবাইকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোঃ শুকুর আলী (২০),পাকুড়িয়া,মহিষকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়াকে ভারতীয় ১ (এক) কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৩,৫০০/- টাকা।
একই দিনে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩,০২,২০০/- টাকা।
এরপর একই রাতে আনুমানিক ২৩৫০ ঘটিকায় রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মাদপুর মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,০৯,৩৮০/- টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।