সাতক্ষীরায়

পৌনে ২ লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:৩৩ পিএম
পৌনে ২ লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচির আওতায় জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবস এই কর্মসূচি চলবে। এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২ হাজার ৪১৭টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো শিশু আগে হামের টিকা (এমআর) পেয়ে থাকলেও অথবা হাম-রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও তাকে এই ক্যাম্পেইনে পুনরায় টিকা নিতে হবে। তবে দুই টিকা গ্রহণের মাঝে অন্তত ২৮ দিনের ব্যবধান থাকতে হবে। সংবাদ সম্মেলনে হাম-রুবেলা ক্যাম্পেইনের কারিগরি দিক ও গুরুত্ব তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার ও ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকীসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে