যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) পক্ষ থেকে ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে। আকিজ সিটির আয়োজনে রবিবার (১৯ এপ্রিল) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করা হয়। আকিজ গ্রুপের পক্ষে আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীবের কাছে ১০টি সিলিং ফ্যান বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন আকিজ সিটির সিনিয়র সুপারভাইজার সাব্বির আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স। আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান বলেন, ‘আকিজ গ্রুপ একটি মানবিক প্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি সিলিং ফ্যান দেওয়া হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু সিলিং ফ্যান নষ্ট হওয়ায় রোগীরা কষ্ট পাচ্ছিল। পরিস্থিতি বিবেচনা করে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন বরাবর সিলিং ফ্যানের জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি সিলিং ফ্যান দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞ। তীব্র এই গরমে ফ্যানগুলো রোগীদের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।