মোল্লাহাটে শিশুদের কল্যাণে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ১১:২১ এএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ১১:২১ এএম
মোল্লাহাটে শিশুদের কল্যাণে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিশুদের নিরাপত্তা, অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ-এর আয়োজনে ৭নং আটজুড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা এসি একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ১৯ এপ্রিল রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে শিশুদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুস্থ সংস্কৃতির বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে শিশু-কিশোররা তাদের অর্জিত অভিজ্ঞতা বিভিন্ন সৃজনশীল পরিবেশনার মাধ্যমে উপস্থাপন করে। সচেতনতামূলক জারি গান, নৃত্য ও নাটকের মধ্য দিয়ে তারা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ পরিচালিত প্রকল্পের নিরাপত্তা কমিটির সভাপতি আয়ুব আলী মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার স্বপন ডেভিড সাহা এবং অধিকার সুপারভাইজার নরেন্দ্র নাথ পাহানসহ অন্যান্যরা। বক্তারা তাদের বক্তব্যে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, এর আগে গত ১৬ এপ্রিল ৬নং কোদালিয়া ইউনিয়নের পূর্ব সরসপুর কালিমন্দির মাঠেও একই ধরনের একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিশু ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সার্বিকভাবে এ ধরনের উদ্যোগ শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি ইতিবাচক সামাজিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে