নড়াইলের কালিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাফি, আরএমও (ভারপ্রাপ্ত) ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাজ মোহাম্মদ মল্লিকসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত টিকাকেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন।