যশোরের অভয়নগরে ২জন মাদক কারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে নোমান খান নামে এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে আটক ৩জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) মো: জাহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত নোমান খান (১৯) উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ইসলাম খানের ছেলে। অপর মাদক কারবারি ফরহাদ হোসেন (৩৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ সংলগ্ন আনিসুর রহমানের ছেলে। এছাড়া জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক আহম্মেদ (৫৫) উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা জামিয়া ইসলামীয়া মাদরাসার মাঠে মাদক বিক্রির সময় ৮পিস ইয়াবা ট্যাবলেটসহ নোমান খানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন। এছাড়া রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহাকাল গ্রামে আলেয়া ফিলিং স্টেশনের সামনে ১৫০গ্রাম গাঁজা ও ৮পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ফরহাদ হোসেনকে আটক করা হয়। সোমবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি ফারুক আহম্মেদ সোমবার সকালে থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন। এ বিষয় অভয়নগর থানার ওসি (তদন্ত) মো: জাহিদুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্তসহ ২জন মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত একজন মোট ৩জন আসামিকে সোমবার দুপুরে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।