দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে এবং পাচার ও অপচয় রোধ করতেই সরকার সহনীয় মাত্রায় দাম বৃদ্ধি করেছে। সোমবার (২০ এপ্রিল) বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের কষ্ট বিবেচনায় রেখে আমরা একটি সহনীয় পর্যায়ে মূল্য সমন্বয় করেছি। জাতীয় অর্থনীতি যখন আর এই চাপ নিতে পারছিল না, তখনই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কম দামে জ্বালানি থাকলে তা পাচার ও অপচয়ের ঝুঁকি বাড়ায়। “জ্বালানির দাম কম থাকলে এটি অন্যভাবে অপচয় হওয়ার বা পাচার হওয়ার প্রবণতা থাকে। সেই পাচার বন্ধ করতে এবং খাতে শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ,” বলেন তিনি।
বিরোধীদলীয় নেতার অভিযোগের জবাবে মন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইতোমধ্যে সংসদে পরিসংখ্যানসহ বক্তব্য দিয়ে বলেছেন দেশে তেল ও গ্যাসের কোনো ঘাটতি নেই। তার ভাষায়, “বিষয়টি এখন জাতির কাছে পরিষ্কার। তাই সংসদ মুলতবি রেখে এই বিষয়ে আলোচনার প্রয়োজন নেই।”
সংসদীয় প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মুলতবি প্রস্তাব সাধারণত সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য আনা হয়। তবে চলতি অধিবেশনে ইতোমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা তিনি “অনন্য নজির” হিসেবে উল্লেখ করেন। আরও একটি মুলতবি প্রস্তাব অনুমোদন করা হলে তা ভবিষ্যতে নেতিবাচক প্রথা তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে আলোচনা পুরোপুরি এড়িয়ে না গিয়ে বিকল্প পথের প্রস্তাব দেন তিনি। স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, যেখানে সংসদ নেতার উপস্থিতিতে গঠনমূলক আলোচনা সম্ভব।