অভয়নগরে

সার-কীটনাশকের দোকান থেকে জ্বালানি তেল জব্দ, জরিমান

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০২:০০ পিএম
সার-কীটনাশকের দোকান থেকে জ্বালানি তেল জব্দ, জরিমান

যশোরের অভয়নগরে সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুদ রাখা এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দোকান মালিক পুস্পল কবিরাজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। অভিযুক্ত পুস্পল কবিরাজ সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে। স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে দোকানটিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু জানান, সার ও কীটনাশকের দোকানে অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ কারণে অভিযুক্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধার হওয়া সব জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মজুদ, কালোবাজারি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়-এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে