গত ৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন। নির্দেশনার পর র্যাব আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি চৌকস দল শনিবার ২৫ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরী সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত ০৪ টি অবিষ্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।