ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন এলাকায় অবস্থিত ইয়াং জি জিয়াং নামের একটি চীনা প্রকল্পে প্রায় ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গত ১৪ এপ্রিল রাতে প্রকল্পের প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রথমেই নিরাপত্তা কর্মীদের মারধর করে বেঁধে অস্ত্রের মুখে প্রকল্পের ভিতরের চীনা নাগরিকদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়| ওয়েন জিনহুয়া (৫৫) নামের একজন চীনা নাগরিক বাঁধা দিলে ডাকাতদল তাকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর আহত করে| পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়| ডাকাতদল প্রকল্পের ভিতরের কয়েকটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে| উক্ত ঘটনায় ১৫/১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৩, তারিখ- ১৫/০৪/২০২৬ খ্রি.,ধারা - ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সদর কোম্পানির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৫ এপ্রিল বিকেলে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের ০২ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়| গ্রেফতারকৃত আসমিদ্বয়ের নাম ১| মো: লিটন (৩৮), পিতা- মো: আনসার আলী, সাং- বালিপাড়া, থানা- জিয়ানগর, জেলা- পিরোজপুর ও ২| মো: ইকবাল হোসেন (৩০), পিতা- মো: মকবুল হোসেন, সাং- শ্রীপাশা, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর বলে জানা যায়| এসময় তাদের নিকট হতে লুণ্ঠিত একটি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়| গ্রেফতারকৃত মো: লিটন (৩৮) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৬ টি ডাকাতি মামলাসহ মোট ১২ টি মামলা এবং মো: ইকবাল হোসেন (৩০) এর বিরুদ্ধে ০৬ টি চুরি মামলাসহ মোট ০৭ টি মামলা রয়েছে| উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সক্রিয় ০৫ জন সদস্যকে গ্রেফতার করে র্যাব-১০। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।