মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ রাজধানীর লালবাগে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:১২ পিএম
মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ রাজধানীর লালবাগে গ্রেফতার

শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাহাপাড়া এলাকায় বসবাসকারী মো: আলিমুল করিম (৪০)’কে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ২৮ এপ্রিল  পর্যন্ত মোট ১৩ লাখ টাকা আদায় করে আসামি সালাউদ্দিন শেখ (৪৮)। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি পাঠানোর পরিবর্তে ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানো হয়| সেখান থেকে তাকে মিশর ও ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে লিবিয়ার মরুভূমির একটি নির্জন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়| এসময় ভুক্তভোগীর পরিবারকে তিনি লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে আটক রয়েছেন জানিয়ে মুক্তির জন্য আরও ১০ লাখ টাকা দাবি করে| নিরুপায় হয়ে ভুক্তভোগী মো: আলিমুল করিম (৪০) এর স্ত্রী আরও ৪ লাখ টাকা প্রদান করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে শরীয়তপুর জেলার নাড়িয়া থানার মামলা নং- ১০/১০৭, তারিখ- ০৭/০৪/২০২৬ খ্রি., ধারা- ৬/৭/৮/৯/১০ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রুজু করা হয়| পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শনিবার ২৫ এপ্রিল বিকেলে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি সালাউদ্দিন শেখ (৪৮), পিতা- সামাদ শেখ, সাং- রাহাপাড়া, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে