ফুলবাড়িয়ায় আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভাংচুর

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:২২ পিএম
ফুলবাড়িয়ায় আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভাংচুর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এবিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

     অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া পৌর এলাকার ব্যবসায়ী আবুল কালাম (৪৫) তাঁর ক্রয়কৃত সম্পত্তিতে মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণ করে বসতঘরের উপযোগী করে ভোগদখল করে আসছে। এ নিয়ে আবুল কালামদের সাথে একই এলাকার মো. আঃ রাজ্জাক গংদের জমি নিয়ে বিরোধ তৈরী হয়।

পরবর্তীতে বিষয়টি আদালতে গেলে আদালত জমিতে স্থাপনা নির্মাণ বা কোন ধরনের পরিবর্তন না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ আঃ রাজ্জাক গং জমি বেদখল দিতে সম্প্রতি সেখানে সীমানা প্রাচীর ভাংচুর ও হামলা করেছেন।  ভাংচুরের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, ফুলবাড়িয়া মৌজায় বিআরএস ৮৬ খতিয়ানে ৩৮৮৮নম্বর দাগে আমার ক্রয়কৃত জমি। সেই জমিতে আমার বাউন্ডারি(সীমানা প্রাচীর) ও ফলজ গাছ রয়েছে। গত বছরের ১১ জানুয়ারি মো. আঃ রাজ্জাক গংরা জমি বেদখল করার চেষ্টা করায় ওই জমি নিয়ে আদালতে মামলা করি। জমির ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পেশী শক্তির দাপটে গত ২৭ এপ্রিল সন্ধ্যায় জোরপূর্বক সেখানে আঃ রাজ্জাকের নেতৃত্বে মো. এনামুল হকসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রে-সস্ত্রে আমার নির্মাণকৃত বাউন্ডারি ভাংচুর ও ফলজ গাছের চাড়া কেটে ফেলে। অভিযুক্ত আঃ রাজ্জাক গং  এর আগে একটি মালায় আদালতে মুচলেকা দিয়েছেন বলেও ভুক্তভোগী জানান।

অভিযুক্তদের দাবি,এটি তাদের পৌত্রিক সম্পত্তি হওয়ার পরেও তাদের চাচাতো ভাই দুলাল প্রতিপক্ষের নিকট জমি বিক্রি করে দেন। পরে প্রতিপক্ষ মাটি ভরাট ও বাউন্ডারি নির্মাণ করেছে। এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চেয়েছেন।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, আদালতের আদেশ অমান্য করে সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় আবুল কালাম অভিযোগ করেছেন, সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে