গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে মে দিবস পালিত হয়।
গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক সমিতি, উপজেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়।
"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবসের পাশাপাশি এবছর একই দিনে 'জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস' পালিত হয়।
সকাল দশটায় গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সদর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু সভাপতিত্ব করেন। শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি এস এম মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
এছাড়া উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কাপাসিয়া কলেজ রোডে তাদের সংগঠনের কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।