কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর সরকারি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাল্লা গ্রামের আলাউদ্দিন ছেলে আববাদ মিয়া ও তার স্ত্রী অনুফা বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বাড়িতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এসে জড়ো হতো। এতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। আরও জানা যায়, সম্প্রতি সরারচর বাজারসহ আশপাশের এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা এর জন্য মাদকাসক্তদের দায়ী করছেন। এ বিষয়ে স্থানীয়দের দাবি, গত সপ্তাহে একটি রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতা জারিফ অভিযুক্ত আব্বাস মিয়াকে মৌখিকভাবে মাদক ব্যবসা বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন। শুক্রবার (১ মে) জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসা যুবসমাজ প্রথমে আব্বাস মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা বন্ধের দাবি জানায়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা বাড়িতে ভাঙচুর চালায়। অভিযুক্ত আব্বাস মিয়ার স্ত্রী অনুফা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।' বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"