মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০২:১১ পিএম
মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার মনতলা সমিতিঘর নামক স্থানে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারী সহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১জন। আহতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীতগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝ পথে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই সিএনজিঅটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত ২জনকে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত (১৫) মারা যায়। মুক্তাগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  ট্রাকটি সড়কের মাঝ পথে উল্টে থাকায় দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।  খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১.৩০টা) যান চলাচল বন্ধ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে