সীতাকুণ্ডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ১১:১০ এএম
সীতাকুণ্ডে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পৌরসভার বিভিন্ন এলাকায় ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক মামলায় জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে পৌরসভার সদর, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে বেশ কয়েকজন চালককে জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সীতাকুণ্ড পৌর এলাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে অফিস সময়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। এ অবস্থায় জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্তত ৬টি মামলায় প্রায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ফুটপাত দখল করে ব্যবসা ও সড়কে অবৈধ পার্কিং কোনোভাবেই সহ্য করা হবে না। জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এদিকে হঠাৎ পরিচালিত এ অভিযানে অনেক ব্যবসায়ী ও চালক সতর্ক হলেও স্থানীয়রা এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তারা বলেন, নিয়মিত অভিযান চালানো হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে