চাঁদপুরে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৩:৫৭ পিএম
চাঁদপুরে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা

চাঁদপুর জেলায় ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাদকবিরোধী র‌্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে মাদকবিরোধী র‌্যালির উদ্বোধন করেন  সংসদ সদস্য (চাঁদপুর-৩) শেখ ফরিদ আহম্মেদ মানিক। র‌্যালিটি  কালেক্টরেট ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসের এবছরের প্রতিপাদ্য ‘বিশ্বের মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান' শীর্ষক আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানি চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। এছাড়া উন্মুক্ত আলোচনায় অনেকে বক্তব্য রাখেন।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহা.মিজানুর রহমান।  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস। মানুষকে সচেতন করার জন্য একটা ভালো দিন। আমরা এখানে দিনটাকে উদ্যাপনের মাধ্যমে যদি মানুষজনকে সচেতন করতে পারি, সেটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। কিন্তু একই সাথে আমাদের স্বীকার করতে হবে যে মাদকদ্রব্যের বিস্তার সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে ঘটেছে। তো আমরা এই নিয়ে কাজ করছি, আমরা সবাই কাজ করছি। আমরা পুলিশ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্ট গার্ড, নৌ পুলিশ, যে যেখানে আছে, বিজিবি, আমরা সবাই এটা নিয়ে কাজ করছি।

তিনি আরো বলেন,  মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কর্মসূচি গ্রহণ করতে হবে। তাদের সচেতন করে তুলতে হবে।

তিনি বলেন, তারুণ্যের শক্তিই বড় শক্তি। তরুণরা সচেতন হলেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। অন্যান্য বক্তারা মাদক পাচার ও অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।  এর আগে মাদকবিরোধী সচেতনতায় বিষয়ভিত্তিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে