চাঁদপুর নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৫:১৮ পিএম
চাঁদপুর নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)। খেলা শেষে নদীতে গোসল করতে নেমেছিল। কিন্তু সেই আনন্দই রূপ নিল বিষাদে। চাঁদপুর শহরের পুরান বাজার ডাকাতিয়া নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছে রাহাত। শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পুরান বাজার পাঁচ নং ঘাট তফাদার রাইস মিল ঘাট এলাকার নদী থেকে নিখোঁজের ১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় দুই যুবক।ওই সময় শিশুটিকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরিও নেমেছে। 

নিহত শিশু আব্দুল্লাহ রাহাত  মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর তিন ছেলের মধ্যে মেজো ছেলে। সে পুরান বাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। মধুসূদন স্কুল মাঠের পাশে মানিক লস্করের বাড়ির ভাড়াটিয়া মা, তিন ভাইসহ বসবাস করতো। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠে ফুটবল খেলে বাড়ির অন্য ছেলেদের সঙ্গে গোসল করতে নদীতে যায়।  সাঁতার না জানা রাহাত  গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় মামুন সহ আরো কয়েকজন যুবক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনরা মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে(চেয়ারম্যান সড়ক) নিয়ে যাওয়া হয়।ছেলেটির গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল।  এ হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে এবং ছেলেটির মা,নানি, বড় ভাই সহ আত্মীয়-স্বজনের কান্নায় ও আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এদিকে,পুরাণবাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদুল মাওলা তার ফেসবুক স্ট্যাটাসে জানান, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত আর বেঁচে নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৬ জুন সকালে পুরানবাজার ধানের মিল ঘাটস্থ ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। স্থানীয় মানুষ ও ডুবুরিরা  অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দুপুর ১ টার দিকে তার মৃতদেহ খুঁজে পায়। দাফন করার জন্য তার লাশ তাদের চান্দ্রা দ. বালিয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মাত্র সপ্তাহখানেক আগে আমাদের হামিদা ম্যাডাম রাহাতের পড়ালেখার খোঁজখবর নিতে বাসায় গিয়ে হোম ভিজিট করেছিলন।

আপনার জেলার সংবাদ পড়তে