ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০১:০৫ পিএম
ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর থানার কোকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানার এসআই মো. নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় ঘাটান্দি নতুনপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে এলাকায় পরিচিত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান মঙ্গলবার (৫ মে) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে