মাঠপর্যায়ে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৩:৩১ পিএম
মাঠপর্যায়ে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা

কৃষকের হতাশাজনক বাস্তবতায় আশার বার্তা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা ও মেদি বিল এবং দমদমা খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে বড়খাপন ইউনিয়নের গোড়াডোবা হাওর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি চলমান খাল খনন ও পানি নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় কৃষকদের দুর্ভোগ লাঘব, কৃষি উৎপাদন সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক অতিবৃষ্টি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের বিশেষ সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম, উপজেলা দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সমাজসেবক মো. মুজিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক এবং কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কৃষকের কষ্টের বাস্তবতায় এমন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি ও আশার আলো জাগাবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে