হানিট্র্যাপে ফাঁসানোর চেষ্টা-তবুও রুখে দাঁড়ালো পুলিশ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ১০:৫৩ এএম
হানিট্র্যাপে ফাঁসানোর চেষ্টা-তবুও রুখে দাঁড়ালো পুলিশ

নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের ‘হানিট্র্যাপ’ কৌশল ব্যর্থ করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। বুধবার (০৬ এপ্রিল) ভোরে নাজিরপুর রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফা ও সঙ্গীয় পুলিশ দল ঢাকা মেট্রো ড-১৪৫৫৬৮ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কাঠের তুষের বস্তার আড়ালে লুকানো ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেন। জানা গেছে, সীমান্তবর্তী লেংগুরা এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য এনে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

অভিযানের সময় ট্রাকের চালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৫) ও হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে মুনির (২১)কে আটক করা হয় এবং ভোরেই তাদের কলমাকান্দা থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটির পেছনে মালিক হিসেবে জসীম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে অনুসরণ করছিল। তাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ জানায়, চোরাকারবারি চক্রকে হাতেনাতে ধরতে কৌশলগতভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় চক্রটি ‘হানিট্র্যাপ’ কৌশলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও তা ব্যর্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

দীর্ঘদিন ধরে লেংগুরা-নাজিরপুর-সিধলী রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিয়মিত অভিযান চলবে, কেউ আইনের বাইরে নয়।”

আপনার জেলার সংবাদ পড়তে