যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আগামী শুক্রবার (৯ মে) তাদের এই সম্মাননা দেওয়া হবে।
মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমাবর্তনে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে লিমন ও বৃষ্টিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের স্মরণে অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানে নির্ধারিত পোশাকে দুটি খালি চেয়ার রাখা হবে।
জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। পরে তদন্তে নেমে পুলিশ তাদের হত্যার বিষয়টি নিশ্চিত করে। ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর একই এলাকার একটি ম্যানগ্রোভ বনের ভেতর থেকে বৃষ্টির দেহাংশ পাওয়া যায়।
এই ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।
নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। একাডেমিক জীবনের শেষ প্রান্তে এসে এমন মর্মান্তিক পরিণতির পর এই সম্মাননা তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই বিবেচিত হচ্ছে। সহপাঠীদের ভাষায়, “এই ডিগ্রি তাদের অপূর্ণ স্বপ্নের একটি প্রতীক হয়ে থাকবে।”
এদিকে বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার (৭ মে) তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।