ভাতা বণ্টনে স্বচ্ছতা ফেরাতে যাচাই-বাছাইয়ে নতুন তালিকা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০১:৩৫ পিএম
ভাতা বণ্টনে স্বচ্ছতা ফেরাতে যাচাই-বাছাইয়ে নতুন তালিকা করছে সরকার

দেশে সরকারি ভাতা যেন প্রকৃত ও যোগ্য মানুষের কাছেই পৌঁছে, সে লক্ষ্যেই নতুন করে ভাতাভোগীর তালিকা যাচাই ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, ভাতা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সরকার জোরালো পদক্ষেপ নিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে নতুন করে যোগ্য সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এজন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। তিনি বলেন, “জিটুপি অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে প্রক্সিমিটি টেস্টের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করছি। দল, মত সবকিছুর ঊর্ধ্বে উঠে যারা যোগ্য, তাদের কাছেই যেন ভাতা পৌঁছায়।”

সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা সুবিধাগুলো সঠিকভাবে বিতরণ করা। প্রতিমন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত না হন।

তিনি বলেন, “সরকারের যতগুলো ভাতা আছে, সেগুলো যেন প্রকৃত সুবিধাভোগীর হাতেই পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য। এজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সেতুবন্ধনের ভূমিকা পালন করেন।”

সরকারি সূত্রগুলো বলছে, তালিকা যাচাই-বাছাইয়ের এই প্রক্রিয়া আরও শক্তিশালী করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় দেশের বড় অংশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় কাজ করে। তাই এই খাতগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করা এখন সময়ের দাবি।

তিনি সতর্ক করে বলেন, “বিগত সময়ে কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে, এখন আমরা চাই প্রতিটি সুবিধা যেন সঠিক মানুষের কাছেই পৌঁছায়। এজন্য সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।”

বিশ্লেষকদের মতে, ভাতা ব্যবস্থার এই পুনর্মূল্যায়ন দীর্ঘদিনের অভিযোগ ও অনিয়ম কমাতে সহায়ক হতে পারে। তবে মাঠ পর্যায়ে সঠিক বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আপনার জেলার সংবাদ পড়তে