অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে জ্বালানি তেলের দাম: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০২:০১ পিএম
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে জ্বালানি তেলের দাম: মাহদী আমিন

বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, বৈশ্বিক সংকট ও বাজার অস্থিরতার মধ্যেও সরকারের কৌশলগত নীতি ও আন্তর্জাতিক দরকষাকষির কারণে দেশে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত “দ্য ল কম্পাস ডায়ালগ” শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর), যেখানে বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, শুরুতে জ্বালানি খাতে কিছু সংকট থাকলেও সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছে। তার ভাষায়, “ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল। তবে সরকার দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে, আন্তর্জাতিক দরকষাকষি করেছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ নিশ্চিত করেছে। এখন আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থায় আছি।”

তিনি আরও দাবি করেন, বৈশ্বিক চ্যালেঞ্জকে সরকার সুযোগে রূপান্তর করছে। তার মতে, চাহিদা অনুযায়ী সরবরাহ স্থিতিশীল রাখার ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়নি। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে আরও উন্নত জ্বালানি ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হবে।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের প্রত্যাশার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।”

তিনি দাবি করেন, বর্তমান সময়ে সংসদে রাজনৈতিক আলোচনা আগের তুলনায় বেশি প্রাণবন্ত হয়েছে এবং বিভিন্ন দলের মধ্যে খোলামেলা আলোচনা হচ্ছে। তার মতে, এটি গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে অগ্রগতি দৃশ্যমান হচ্ছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক অঙ্গনে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

তার ভাষায়, “অপপ্রচার কোনো রাজনীতির অংশ হতে পারে না। আমরা চাই সত্য, ন্যায় এবং সঠিক তথ্যের ভিত্তিতে সবাই একসঙ্গে এগিয়ে যাক।”

আপনার জেলার সংবাদ পড়তে